
মাগুরায় খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে গাছিরা

শীতের আগমনী বার্তার সাথে সাথেই মাগুরায় খেজুরের রস সংগ্রহের জন্য ব্যস্ত সময় পার করছেন গাছিরা। পুরোদমে চলছে গাছ পরিষ্কার, ডালপালা ছাঁটাইসহ নানা পরিচর্যা। গাছিদের এমন ব্যস্ততাই এখন চোখে পড়বে মাগুরার বিভিন্ন গ্রামে।
সদর উপজেলার পাটকেলবাড়ি এলাকায় ৩০০ থেকে ৪০০টি খেজুর গাছ রয়েছে। এসব গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করা হয়। প্রতিবারে মতো এবারও রাজশাহী থেকে গাছিরা এসেছেন, রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুত করতে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় খেজুর গাছ আছে ৭৬ হাজার ৭৬৭টি। গত বছর ৪০০ টাকা কেজি দরে, ২ কোটি ৭০ লাখ টাকার গুড় বিক্রি হয়েছে।
সবকিছু ঠিক থাকলে আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যেই শুরু হবে উৎপাদন। সংশ্লিষ্টদের আশা, অনুকূল আবহাওয়া ও ভালো বাজারদর পেলে, এবার গত বছরের চেয়ে বেশি গুড় বিক্রি হবে।
কাসেমুর রহমান শ্রাবণ/এফ/দীপ্ত নিউজ








