ভিসা দেওয়ার নামে প্রতারণা: সতর্ক করল ঢাকার ভারতীয় হাই কমিশন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থের বিনিময়ে ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাচ্ছে একটি প্রতারক চক্র। এ বিষয়ে জনসাধারণকে সতর্ক করে একটি বিশেষ বিজ্ঞপ্তি বা অ্যাডভাইজরি জারি করেছে ভারতীয় হাই কমিশন।

সম্প্রতি হাই কমিশনের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়, কিছু প্রতারক হাই কমিশনের কর্মকর্তা সেজে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার পরিষেবা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলে হাই কমিশনের কাছে অভিযোগ এসেছে।

এ বিষয়ে স্পষ্ট করে হাই কমিশন জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ভিসা প্রদান করার প্রস্তাব দিতে বা অর্থ দাবি করার উদ্দেশ্যে ফোন, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া বা ইমেইলের মাধ্যমে আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করেন না। সব ধরনের ভিসা আবেদনই নির্ধারিত কার্যপদ্ধতি ও প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করে নিষ্পত্তি করা হয়ে থাকে।

কেউ যদি এ ধরনের কোনো সন্দেহজনক ফোনকল, মেসেজ বা প্রস্তাব পান, তবে তাকে কোনোভাবেই অর্থ প্রদান না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে প্রতারকদের কাছে নিজের কোনো ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এ ধরনের প্রতারণামূলক কল বা মেসেজ পেলে কলারের নম্বর, স্ক্রিনশট এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যসহ অবিলম্বে visa.dhaka@mea.gov.in ইমেইল ঠিকানায় অভিযোগ জানাতে অনুরোধ করেছে ভারতীয় হাই কমিশন, ঢাকা। এছাড়া, এ ধরনের প্রতারণামূলক কার্যকলাপ থেকে অন্যদের সুরক্ষিত রাখতে সবাইকে সচেতনতা ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More