দীপ্ত নিউজ
রাজধানী

বিলম্বে ঢাকা ছাড়ছে ট্রেন, যাত্রী চাইলে ফেরত নিতে পারছে টিকিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিলম্বে ঢাকা ছাড়ছে ট্রেন, যাত্রী চাইলে ফেরত নিতে পারছে টিকিট

ঢাকা রেলওয়ে স্টেশন এলাকায় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩)’ লাইনচ্যুত হওয়ার ঘটনায় বন্ধ ছিল চলাচল। উদ্ধারকাজ শেষে প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল আবারও শুরু হয়েছে। তবে প্রতিটি ট্রেনকে দীর্ঘ বিলম্ব নিয়ে ঢাকা ছাড়তে হচ্ছে। যেসব যাত্রী বিলম্বিত ট্রেনে যাত্রা করতে চাচ্ছেন না তাদের টিকিট ফেরত নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার (২৫ অক্টোবর) ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দুর্ঘটনায় পতিত হওয়ার ট্রেন লাইনসহ সব লাইন এখন সচল রয়েছে। তবে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় অনেক ট্রেন ঢাকায় আসতে পারেনি এবং অনেক ট্রেন শিডিউল অনুযায়ী ঢাকা ছাড়তে পারেনি। ফলে চলাচলে বিলম্ব হচ্ছে।

স্টেশন ব্যবস্থাপক বলেন, বিলম্ব হলেও এখন পর্যন্ত কোনো ট্রেনের যাত্রা বাতিল হয়নি। যেসব যাত্রী বিলম্বিত ট্রেনে যেতে চাইছেন না তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে প্ল্যাটফর্ম থেকে বের হয়ে স্টেশন এলাকাতেই দুর্ঘটনায় পড়ে পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩)। রেললাইন ভেঙে যাওয়ার কারণে ট্রেনের ৬টি বগি লাইন থেকে পড়ে যায়।

আল/ দীপ্ত সংবাদ