দীপ্ত নিউজ
বাংলাদেশ

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাকবলিত বাসটি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের ষোলঘরে বাস ও ট্রাক সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৫ জন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের (ঢাকা–মাওয়া–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) ষোলঘরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে শরীয়তপুরগামী পদ্মা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে চলছিল। হঠাৎ সামনের একটি বাসকে ওভারটেক করতে গিয়ে পদ্মা এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে সজোরে আঘাত করে। এতে বাসের একপাশ দুমড়ে–মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকেই লাশ উদ্ধার করেছে। এছাড়া আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ১০ জনকে ঢাকা ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দিকে দুর্ঘটনার কারণে রাস্তার দক্ষিণ প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে যানজট নিরসনের চেষ্টা করছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

আফ/দীপ্ত সংবাদ