আগামী ১৫ জুন থেকে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) বিতরণ করবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
রবিবার (৭ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ জুন সকাল ১০টা থেকে টাংগাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ করা হবে। পরদিন ১৬ জুন মঙ্গলবার সকাল ১০টা থেকে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ করা হবে।
এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তাঁর প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষক (স্বাক্ষর সত্যায়িতসহ) অফিস চলাকালীন সময়ে এই প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। তবে শিক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে এই দায়িত্ব দেওয়া যাবে না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন, তবে আবেদনপত্রে গভর্নিং বডির সভাপতি, জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। প্রবেশপত্র সংগ্রহের পর তা দ্রুত সময়ের মধ্যে কেন্দ্রের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে প্রবেশপত্রে কোনো প্রকার ত্রুটি বা অমিল থাকলে তা আগামী ১৮ জুন থেকে ২৫ জুনের মধ্যে সংশোধন করে নিতে হবে। এজন্য নির্ধারিত ছক অনুযায়ী উপ–পরীক্ষা নিয়ন্ত্রকের (উচ্চমাধ্যমিক) কাছে আবেদনপত্র জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন না করালে পরীক্ষা সংক্রান্ত যেকোনো জটিলতার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরাই দায়ী থাকবেন বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
এসএ