পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন আসিফ আলি জারদারি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির সহ–সভাপতি আসিফ আলি জারদারি। এই নিয়ে দ্বিতীয় বারের মত দেশটির প্রেসিডেন্ট হলেন তিনি।

এর আগে ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন আসিফ আলি জারদারি। এবারের নির্বাচনে তার পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন পাখতুনখোয়া মিলি আওয়ামী পার্টির চেয়ারম্যান মাহমুদ খান আচাকজাই।

শনিবার ( ৯ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য ডন জানায়, স্থানীয় সময় সকাল ১০ টায় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় পরিষদ এবং সবগুলো প্রাদেশিক পরিষদে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।

 

আরও পড়ুন: পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরিফ

জাতীয় পরিষদ ও সিনেটে জারদারি ২৫৫টি ভোট পেয়েছেন অন্যদিকে আচাকজাই ১১৯ টি ভোট পেয়েছেন।

পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল–এন) নেতৃত্বাধীন জোট সরকারের শরিক দলগুলো প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আসিফ আলি জারদারিকে সমর্থন দিয়েছে। জোটের শরিকেরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় আগেই ধারণা করা হয়েছিল যে আসিফ আলী জারদারিই হবেন পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট।

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) সমর্থন নিয়ে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় নির্বাচনে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা এসআইসিতে যোগ দিয়েছেন।

এদিকে প্রেসিডেন্ট নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন আচাকজাই।

 

সুপ্তি/ দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More