সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) নাম, লোগো ও পরিচয় ব্যবহার করে একাধিক ভুয়া পেজ ও গ্রুপ খোলার তথ্য কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।
এসব অননুমোদিত পেজ বা গ্রুপে প্রকাশিত কোনো তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থী ও সাধারণ মানুষকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. শহিদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নিজস্ব কোনো অফিসিয়াল ফেসবুক পেজ, গ্রুপ বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই।
ফলে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বা ‘Dhaka Central University’ (ডিসিইউ/DCU) নামে যেসব পেজ ও গ্রুপ পরিচালিত হচ্ছে, সেগুলো সম্পূর্ণ অননুমোদিত। এ ধরনের কার্যক্রমের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো ধরনের সংশ্লিষ্টতা বা সম্পর্ক নেই।
শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের যেকোনো ধরনের প্রাতিষ্ঠানিক ও দাপ্তরিক তথ্যের জন্য একমাত্র নির্ভরযোগ্য উৎস হলো তাদের অফিসিয়াল ওয়েবসাইট।
যেকোনো বিভ্রান্তি এড়াতে সবাইকে সরাসরি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট [https://dcu.ac.bd/] অনুসরণ করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।