
ট্রলারসহ ১৯ বাংলাদেশি জেলে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজার টেকনাফের নাফ নদী থেকে আরও ১৯ বাংলাদেশি জেলেসহ চারটি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফ শাহপরীর দ্বীপের ঘোলারচর ও নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আরাকান আর্মির হাতে আটক জেলেরা হলেন– টেকনাফ শাহপরীর দ্বীপ মাঝের পাড়ার, মো. কালা মিয়া (৩৭), মো. নুরুল আলম (৩৯), আব্দুল রহমান (১৯), মো. আ. কালাম আহমেদ (২৯), মো. লাইল্যা (১১), মো. কবির আহমেদ (৪৩), মোহাম্মদ ইউনুছ (২৩), নুরুল ইসলাম (৩৪), মো. লুতফর রহমান (২৩), রহিম উল্লাহ (২১)। বাকি ৯ জেলের নাম–ঠিকানা পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
তিনি জানান, নাফ নদীতে মাছ শিকারের সময় চারটি ট্রলারসহ ১৯ জেলে ধরে নিয়ে যায় আরকান আর্মি। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে। চারটি ট্রলারের মধ্যে দুইটি টেকনাফ কায়ুকখালী ঘাটের এবং অপর দুইটি শাহপরীর দ্বীপ ঘাটের।
টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতি সভাপতি আবদুল জলিল বলেন, “টেকনাফ ফেরার পথে কায়ুকখালী ঘাটে মাছ ধরার দুটি ট্রলারসহ নয় জন মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে।”
শাহপরীর দ্বীপ মাঝপাড়া নৌঘাট সাধারণ সম্পাদক আবদুর গফুর বলেন, “শাহপরীর দ্বীপ মাঝপাড়া ঘাটের দুই ট্রলারসহ ১০ জন মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে।”
এর আগে, ১০ ফেব্রুয়ারি নাফ নদীর মোহনায় মাছ ধরতে যাওয়া চার বাংলাদেশিকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
এসএ








