বিএনপি প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী (২৫ মে থেকে ১ জুন) কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (১৮ মে) নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যৌথসভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৫ মে থেকে ১ জুন ২০২৬ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
রিজভী বলেন, শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন পোষ্টার প্রকাশ ও কালো ব্যাজ ধারণ এবং সংবাদপত্র ও অনলাইন পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ। এ ছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও পোস্টার প্রকাশ করা হবে।
বিএনপি জ্যেষ্ঠ এই নেতা জানান, আগামী ৩১ মে (রবিবার) দুপুর ২টায় বিএনপি উদ্যোগে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স–বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এর আগে ৩০ মে (শনিবার) ভোর ৬টায় শাহাদাতবার্ষিকী উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে।
তিনি আরও জানান, এ ছাড়াও আগামী ৩০ মে বেলা ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সব পর্যায়ের নেতা–কর্মীরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। সেই সঙ্গে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতি থানায় দুস্থদের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
রিজভী বলেন, রাষ্ট্র ক্ষমতায় এসে সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে যাচ্ছেন সরকার। একের পর এক কর্মসূচী বাস্তবায়নে নানা জেলায় ছুটে বেড়াচ্ছেন। পিতার পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে খাল খনন কর্মসূচী বাস্তবায়ন করছেন।
এসএ