রবিবার, মে ১৭, ২০২৬
রবিবার, মে ১৭, ২০২৬

চেলসিকে হারিয়ে এফএ কাপ জয় ম্যানসিটির

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চেলসির কঠিন প্রতিরোধ ভেঙে এফএ কাপের শিরোপা নিজেদের করে নিল ম্যানচেস্টার সিটি।

শনিবার (১৬ মে) রাতের খেলায় ওয়েম্বলি স্টেডিয়ামে, ব্লুজদের ১০ গোলে হারিয়ে টুর্নামেন্টের অষ্টম শিরোপা ঘরে তুলেছে পেপ গার্দিওলার শিষ্যরা। তাতে ঘরোয়া ফুটবলে ট্রেবল শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখলো সিটিজেনরা। বিপরিতে চেলসির জন্য টানা সপ্তম ঘরোয়া কাপ ফাইনালের পরাজয়।

ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে তখন ম্যাড়মেড়ে ফুটবলের ক্লান্তি। প্রথমার্ধে একঘেয়ে ফুটবল দেখে গ্যালারির দর্শকেরা যখন হাই তুলছেন, ঠিক তখনই লাইমলাইটে এক ঘানাইয়ান জাদুকরের। ম্যাচের বয়স ৭২ মিনিট। আর্লিং হলান্ডের পাস থেকে অ্যান্তোয়ান সেমেনিওর অবিশ্বাস্য, চোখধাঁধানো ফ্লিক। চেলসির জাল ছোঁয়া মাত্রই গ্যালারি তখন ম্যানচেস্টার সিটির নীল উৎসবে মাতোয়ারা। এই একমাত্র গোলেই চেলসিকে ১০ ব্যবধানে হারিয়ে চলতি মৌসুমের দ্বিতীয় ট্রফি, এফএ কাপ ঘরে তুললো পেপ গার্দিওলার শিষ্যরা।

রক্ষণ জমাট রেখে চেলসি লম্বা সময় ম্যানসিটিকে আটকে রেখেছিলো। ২৭ মিনিটে ব্লুজদের জালে বল ঢুকেছিলো কিন্তু অফসাইডের কারণে আর্লিং হালান্ডের সেই গোল বাতিল হয়। বিরতির আগের মিনিটে নরওয়েজিয়ান স্ট্রাইকারের একটি প্রচেষ্টা রুখে দেন চেলসি কিপার রবার্ট সানচেজ।

টানটান উত্তেজনার ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ডেডলক ভাঙেন ঘানার স্ট্রাইকার সেমেনিয়ো। গত জানুয়ারিতে ম্যান সিটিতে যোগ দেওয়া এই তারকা এখন পুরো সিটিজেনদের চোখের মনি।

ইংল‍্যান্ডের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে এটি সিটির অষ্টম শিরোপা, সবশেষ জিতেছিলো ২০২২/২৩ মৌসুমে। গত মার্চে আর্সেনালকে হারিয়ে কারবাও কাপ জয় করে ম্যানসিটি। এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগেও তাদের ট্রফির লড়াই চলছে আর্সেনালের সাথে। দুই ম্যাচ হাতে রেখে দুই দলের ব্যবধান দুই পয়েন্টের। চ্যাম্পিয়ন হতে হলে বাকি দুই ম্যাচ জয়ের পাশাপাশি, গানারদের হোঁচটের অপেক্ষা করতে হবে সিটিজেনদের।

মোহাম্মদ হাসিব

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More