দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে ময়লার গাড়ির চাপায় পোশাকশ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুরে ময়লার গাড়ির চাপায় পোশাকশ্রমিক নিহত
গাজীপুর সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নারী পোশাকশ্রমিক নিহত। ছবি: দীপ্ত সংবাদ

গাজীপুর সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকা‌লে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগ‌রের কুনিয়া বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

খবর পেয়ে বিভিন্ন কারখানার শ্রমিকরা বের হয়ে এসে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। অব‌রো‌ধের প্রায় সা‌ড়ে ৩ ঘণ্টা পর শ্রমিক‌দের মহাসড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভা‌বিক হ‌য়েছে।

শ্রমিকরা জানান, সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যাচ্ছিলেন। কুনিয়া বড়বাড়ি এলাকায় সড়ক পার হওয়ার সময় গাজীপুর সিটি করপোরেশনের ময়লার একটি গাড়ি এক শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা ইট–পাটকেল ছুড়ে অন্তত ১৫–১৬টি যানবাহনের কাঁচ ভাঙচুর করেন। পরে সিটি করপোরেশনের গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। খবর পেয়ে থানা–পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।

নিহত নারীশ্রমিকের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, শ্রমিকদের বিষয়টি বুঝিয়ে স‌রি‌য়ে নেয়ার পর মহাসড়‌কে যানবাহন চলাচল স্বাভা‌বিক হ‌য়ে‌ছে।

জাহাঙ্গীর আলম/এজে/দীপ্ত সংবাদ