বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

কোল থেকে ছিটকে বেঁচে গেল শিশু, বজ্রপাতে প্রাণ হারালেন বাবা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজবাড়ীতে শিশু সন্তানকে কোলে নিয়ে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

তবে বাবার কোলে থাকা সাড়ে ৩ বছরের শিশুকন্যা সাফিয়া অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে।

নিহত সুমন মন্ডল সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি এনজিওতে কর্মরত থাকলেও সম্প্রতি চাকরি ছেড়ে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ও দমকা হাওয়ার মতো বৈরী আবহাওয়ার মধ্যেই সাড়ে ৩ বছরের মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে প্রয়োজনীয় বাড়ির পাশের একটি দোকানে কেনাকাটা করতে যাচ্ছিলেন সুমন। এসময় আকস্মিক বজ্রপাত হলে প্রচণ্ড শব্দ ও ধাক্কায় শিশুটি সুমনের কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় এবং সুমন তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বজ্রপাতের ভয়াবহতায় সুমনের মৃত্যু হলেও তার কোল থেকে ছিটকে পড়া শিশু সাফিয়া সামান্য আহত হয়েছে। পরিবারের সদস্যরা জানান, কোল থেকে পড়ার পর শিশুটির নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে। বাবার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এলেও শিশুটির বেঁচে যাওয়াকে ‘অলৌকিক’ হিসেবে দেখছেন স্থানীয়রা।

মিজানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুমন মন্ডলের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের আমেজ বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মাহফুজুর রহমান

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More