কুমিল্লায় ১৮ থানায় একযোগে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান, আটক ৬২৪

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা এ অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে কুমিল্লায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। দলবদ্ধভাবে চলাফেরা, বখাটেপনা, মারামারি ও বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে একযোগে অভিযান চালানো হয়।

কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশে জেলার ১৮টি থানায় একই সময়ে অভিযান শুরু হয়। নগরীর বিভিন্ন স্থানসহ প্রতিটি থানার আওতাধীন কিশোর গ্যাংয়ের তৎপরতা ও বখাটেদের উৎপাত রয়েছে এমন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। গুরুত্বপূর্ণ পয়েন্ট, আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে কারও বিরুদ্ধে আগের কোনো মামলা বা অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। যাচাইবাছাই শেষে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশ আরও জানিয়েছে, কিশোর গ্যাং ও বখাটেপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More