এসএসসি ২০২৬: খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, করবেন যেভাবে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
শিক্ষার্থীরা ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে খাতা পুনর্নিরীক্ষণ আবেদন করতে পারবেন।

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। যেসব পরীক্ষার্থী প্রত্যাশিত বা আশানুরূপ ফল পাননি কিংবা কোনো বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাদের জন্য ফল পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের সুযোগ রেখেছে শিক্ষা বোর্ডগুলো।

শিক্ষার্থীরা ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে খাতা পুনর্নিরীক্ষণ এ আবেদন করতে পারবেন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার কোনো ম্যানুয়াল বা সরাসরি লিখিত আবেদন গ্রহণ করা হবে না।

 

ফল পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের আবেদনের সময়সূচি ও ফি—

আবেদন সময়সীমা: ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট ২০২৬ পর্যন্ত।

প্রতি পত্রের ফি: প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি নির্ধারিত হয়েছে।

দ্বিপত্র বিশিষ্ট বিষয়: ইংরেজি বা বাংলার মতো দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।

পেমেন্ট গেটওয়ে: বিকাশ (bKash), নগদ (Nagad) ও সোনালী সেবার (Sonali Sheba) মাধ্যমে অনলাইনে সহজ উপায়ে ফি পরিশোধ করা যাবে।

 

অনলাইনে ফল পুনর্নিরীক্ষণ আবেদন যেভাবে—

পোর্টালে প্রবেশ: প্রথমে ফল পুনর্নিরীক্ষণের অফিসিয়াল ওয়েবসাইট rescrutiny.eduboardresults.gov.bd-এ প্রবেশ করুন।

তথ্য পূরণ: নির্ধারিত স্থানে শিক্ষার্থীর রোল নম্বর (Roll Number), রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) দিন এবং ড্রপ–ডাউন মেনু থেকে নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করুন।

মোবাইল নম্বর প্রদান: একটি সক্রিয় মোবাইল ফোন নম্বর দিন। পুনর্নিরীক্ষণের চূড়ান্ত ফল প্রকাশ হলে এই নম্বরেই এসএমএস মাধ্যমে ফল পাঠানো হবে।

বিষয় নির্বাচন: স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফল দেখা যাবে। যে এক বা একাধিক বিষয়ের খাতা পুনঃনিরীক্ষণ করতে চান, সেগুলো টিক চিহ্ন দিয়ে নির্বাচন করুন এবং ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করুন।

ফি পরিশোধ: পরবর্তী স্ক্রিনে মোট ফি–এর পরিমাণ প্রদর্শন করবে। বিকাশ, নগদ বা সোনালী সেবার মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করুন। (ফি পরিশোধের বিস্তারিত নিয়ম দেখতে পোর্টালে থাকা ‘হেল্প’ বাটনে ক্লিক করতে পারেন)

আবেদন জমা প্রদান: সফলভাবে ফি পরিশোধের পর পুনরায় আবেদনের পোর্টালে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন।

ফি পরিশোধ করে আবেদন জমা দেওয়ার পরও যদি কেউ আরও অতিরিক্ত বিষয়ের জন্য আবেদন করতে চান, তবে একইভাবে পুনরায় আবেদন করা যাবে। সেক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

ফি পরিশোধের পূর্বে যদি নির্বাচন করা বিষয়ে ভুল থাকে, তবে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে অনাকাঙ্ক্ষিত বিষয় বাদ দেওয়া যাবে এবং নতুন বিষয় নির্বাচন করা যাবে। একবার ফি জমা হয়ে গেলে আবেদনকৃত বিষয়গুলো আর কোনোভাবেই পরিবর্তন বা বাতিল করা যাবে না এবং ফি বাবদ পরিশোধিত অর্থ ফেরত দেওয়া হবে না।

উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ এবং মোট জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More