দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

এবার ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এবার ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি
এবার পাপুয়া নিউগিনিতে ভূমিকম্প

তুরস্ক ও জাপানের পর এবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার (২৬ ফেব্রুয়ারি) রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে দেশটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি থেকে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমকম্পনটি পাপুয়া নিউগিনির কান্দ্রিয়ান অঞ্চলে আঘাত হানে। উৎপত্তিস্থলে এটির গভীরতা ছিল ৩৮ দশমিক ২ কিলোমিটার। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের কিম্বে শহরও কেঁপে ওঠে। এ শহরের কাছে ওয়ালিন্দি প্ল্যান্টেশন রিসোর্টের কর্মী ভেনেসা হিউজ জানান, তিনি কম্পন টের পেয়েছেন। ভেনেসা বলেন, ভূমিকম্পে সবকিছু কেঁপে উঠেছে। তবে কেউ সে রকম প্রতিক্রিয়া জানায়নি। কোনো ক্ষতিও হয়নি।

এর আগে গতকাল শনিবার রাতে জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইদো এলাকায় রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। জাপানের জাতীয় ভূবিজ্ঞান গবেষণা ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এনআইইডি বলেছে, ভূমিকম্পটি নেমুরো উপদ্বীপের ভূপৃষ্ঠ থেকে ৬১ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

সম্প্রতি ইন্দোনেশিয়া, ফিলিপাইন, নিউজিল্যান্ড, সিকিম, তাজিকিস্তান, জম্মু–কাশ্মীর, রোমানিয়া ও বাংলাদেশও ভূমিকম্প আঘাত হেনেছে।

আফ/দীপ্ত সংবাদ