
এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ফটকে তালা

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এইচএসসি পরীক্ষা অন্তত দুই মাস পেছানোর দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ডে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী। এসময় তারা শিক্ষা বোর্ডের মূল ফটকে তালা ঝুুলিয়ে দেয়।
মঙ্গলবার (১৭ জুন) দুপুর পৌনে ১টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও গেট অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এতে বিভিন্ন কলেজের ছাত্র–ছাত্রী অংশ নেয়। শেষ পর্যন্ত বেলা ২টা ২০ মিনিটে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড ফটক ছেড়ে যায়।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানায়, করোনা ভাইরাস যে হারে সংক্রমিত হচ্ছে তাতে এর মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়বে। পরীক্ষা অন্তত দুই মাস পেছানোর দাবি জানান তারা।
এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম বলেন, এ বছর এইচএসসি পরীক্ষা ১ এপ্রিল হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে সেটি পিছিয়ে জুনে হচ্ছে। সেই জায়গা থেকে তারা দুই মাসের বেশি সময় পেয়েছে। শিক্ষার্থীরা করোনার কথা বলছে। তারা যে দাবি জানিয়েছে সেগুলো শিক্ষা মন্ত্রণালয়ে জানানো হবে।
তিনি আরও বলেন, চলতি বছর এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন। এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৩৩ হাজার ২৫২ জন। ছাত্র ৬৮ হাজার ও ছাত্রী ৬৪ হাজার। শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এসএ








