যশোরের শার্শা উপজেলার উলাশীতে অবস্থিত জিয়ার খাল পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় তিনি খালের সরেজমিনে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে খালটির উন্নয়ন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং সৌন্দর্যবর্ধন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
জানা গেছে, আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও গুরুত্বপূর্ণ আগমনকে সামনে রেখে এলাকার অবকাঠামোগত প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসেবেই এ পরিদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন– যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর –১ আসনের ধানের শীষের কান্ডারী শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন, শার্শা উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জোহা সেলিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ জানান, জিয়ার খাল এলাকার উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে খালটির পরিবেশ ও সৌন্দর্য বজায় রেখে এলাকাকে আরও আকর্ষণীয় করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে আগত অতিথিদের সামনে একটি ইতিবাচক ভাবমূর্তি উপস্থাপন করা যায়।
আল মামুন/এজে/দীপ্ত সংবাদ