
ক্যানসারে আক্রান্ত শাহানা, বাঁচতে চান সবার সহযোগিতায়

কোলন ক্যানসারের মতো এক মরণব্যাধির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাকী ও লড়াকু জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ইংরেজি ও মানবিক বিভাগের সম্ভাবনাময় শিক্ষার্থী সাবিকুন নাহার শাহানা।
মেধাবী এই শিক্ষার্থী স্বপ্ন দেখতেন পড়াশোনা শেষে শিক্ষকতা করার। স্বামীর সহযোগিতায় প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু এক বছর আগে ক্যানসার ধরা পড়ার পর থমকে যায় সেই স্বপ্ন। শুরু হয় দীর্ঘ চিকিৎসা আর কঠিন লড়াই।
কেমোথেরাপি ও রেডিওথেরাপির চরম যন্ত্রণা ও কষ্টকর পথ পার করে তিনি আজ জীবন রক্ষার চূড়ান্ত ধাপে এসে পৌঁছেছেন। চিকিৎসকদের মতে, দ্রুত একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন করা গেলেই ক্যানসারকে জয় করে নতুন ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন তরুণী শাহানা। কিন্তু চিকিৎসার এই অন্তিম মুহূর্তে এসে চরম অর্থাভাবই তাঁর বেঁচে থাকার পথে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে।
শাহানার স্বামী আমির হোসেন একটি বেসরকারি টেলিভিশনে সামান্য বেতনে চাকরি করেন। ধার–দেনা করে দীর্ঘদিন স্ত্রীর চিকিৎসার খরচ চালিয়েছেন। এরই মধ্যে ব্যয় হয়েছে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা। এখন আর ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তবু বেঁচে থাকার আশায় স্বামী আর একমাত্র মেয়ের দিকে তাকিয়ে ক্যানসারের সঙ্গে লড়ছেন শাহানা।
চিকিৎসকরা বলছেন, আগামী ২০ নভেম্বরের মধ্যে অস্ত্রোপচার করানো প্রয়োজন। এ জন্য দরকার আরও প্রায় সাড়ে ছয় লাখ টাকা। কিন্তু অর্থের অভাবে আটকে আছে চিকিৎসার এই গুরুত্বপূর্ণ ধাপ।
অদম্য প্রাণশক্তি আর বেঁচে থাকার তীব্র আকুতি নিয়ে লড়ে যাওয়া এই শিক্ষার্থীকে বাঁচাতে এগিয়ে এসেছেন তাঁর সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা বিত্তবান ও সাধারণ দেশবাসীর কাছে সাহায্য ও সহানুভূতির আকুল আবেদন জানিয়েছেন। আমাদের সবার সামান্য আর্থিক সহযোগিতা ও সহানুভূতিই পারে একটি সম্ভাবনাময় তাজা প্রাণকে অকালে ঝরে যাওয়া থেকে রক্ষা করতে এবং একটি পরিবারকে নতুন আশার আলো দেখাতে।
অর্থ সহযোগিতা পাঠাতে
শাহানা– বিকাশ পার্সোনাল (01323-049433)
ব্যাংক হিসাব
ব্যাংকের নাম: উত্তরা ব্যাংক
নাম: সাবিকুন নাহার শাহানা (Sabikun Nahar Shahana)
হিসাব নম্বর: ১৩১৩১১১০১১১২০৬৮ (131311101112068)
শাখার নাম: মিরপুর ব্রাঞ্চ, ঢাকা
রাউটিং নম্বর: ২৫০২৬২৯৮০ (250262980)








