আরও শক্তিশালী হলো বাংলাদেশি পাসপোর্ট

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বের পাসপোর্ট শক্তিমানের তালিকায় একধাপ উন্নতি করেছে বাংলাদেশ। কর, ভিসা–মুক্ত ভ্রমণ সুবিধা ও নাগরিক স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা নোমাড ক্যাপিটালিস্ট–এর প্রকাশিত হালনাগাদ সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান এখন ১৮১তম। ২০২৪ সালে এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৮২তম। সে হিসেবে এক ধাপ এগিয়েছে দেশের পাসপোর্টের মান।

শুক্রবার (৪ এপ্রিল) সংস্থাটির প্রকাশিত ‘পাসপোর্ট ইনডেক্স ২০২৫‘ অনুযায়ী, ৩৮ স্কোর নিয়ে বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ৫০টি দেশে ভিসামুক্ত বা অন–অ্যারাইভাল ভিসা সুবিধা পান।

এবারের তালিকায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে স্থান পেয়েছে আয়ারল্যান্ডের পাসপোর্ট। দেশটির স্কোর ১০৯ এবং তারা ১৭৬টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারে।

পাসপোর্ট শক্তিমানের এ তালিকায় মূলত পাঁচটি সূচক বিবেচনায় নেয়া হয়। এগুলো হলো– ভিসা–মুক্ত ভ্রমণের সুযোগ, বিদেশে বসবাসরত নাগরিকদের ওপর কর কাঠামো, দ্বৈত নাগরিকত্বের সুযোগ, ব্যক্তিগত স্বাধীনতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা।

নোমাড ক্যাপিটালিস্টের তালিকায় বাংলাদেশের ঠিক আগে রয়েছে নেপাল (স্কোর ৩৯.৫) এবং পরে রয়েছে মিয়ানমার (স্কোর ৩৭.৫)। অন্যদিকে দক্ষিণ এশিয়ার অপর দুই প্রতিবেশী দেশের মধ্যে ভারতের অবস্থান ১৪৮তম (স্কোর ৪৭.৫) এবং পাকিস্তান রয়েছে ১৯৫তম অবস্থানে (স্কোর ৩২)।

তালিকায় আগেরবারের শীর্ষস্থানীয় দেশ সংযুক্ত আরব আমিরাত এবার নেমে গেছে দশম স্থানে (স্কোর ১০৬.৫)। তবে আমিরাতের পাসপোর্টধারীরা এখনো সবচেয়ে বেশি দেশে—১৭৯টি দেশে ভিসামুক্ত বা অন–অ্যারাইভাল ভিসা সুবিধা পান।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More