জরুরি উন্নয়নমূলক কাজের কারণে দেশের বিভিন্ন এলাকায় শনিবার (২৫ জুলাই) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (২৪ জুলাই) রাতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি–১–এর কাশিমপুর জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরের নরসিংহপুর রোডের সুরাবাড়ী উপকেন্দ্র থেকে দত্ত মার্কেট, ছায়াতল মার্কেট, সুরাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ, রাইচমিল হয়ে মিছারবাগ বটতলা পর্যন্ত ১১ কেভি ফিডারটি দীর্ঘ হওয়া এবং অতিরিক্ত লোডের কারণে সেটিকে বিভক্ত করা হবে। একই সঙ্গে লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আরও দুটি নতুন ফিডার নির্মাণের কাজ করা হবে।
এ কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাশিমপুর, সুরাবাড়ী, বাগবাড়ী, শরপাইতলী, ছায়াতল মার্কেট, দত্ত মার্কেট, রাইচমিল সংলগ্ন এলাকা, মিছারবাগ বটতলা, মাদরাসা বাজার, শাকিল সিনথিয়া রোড, মনটেক্স সংলগ্ন এলাকা, লালদিঘি, কবরস্থান এলাকা, বারেন্ডা (আংশিক), রফিকুল ইসলাম স্কুল সংলগ্ন এলাকা, খানকা শরিফ এলাকা, রওশন মার্কেট, হাকের নাল এবং নয়াপাড়ার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে কাশিমপুর জোনাল অফিস।