২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এতে হজযাত্রীদের বিমান ভাড়া প্রায় ৩৭ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারে সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। ২০২৬ সালের হজে প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বিমান ভাড়া গত বছরের চেয়ে ২৪ হাজার ৮৩০ টাকা কমানো হয়েছে।
তিনি বলেন, ২০২৩ সালে বিমান ভাড়া ছিলো প্রায় ২ লাখ টাকা। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের মেয়াদে বিমান ভাড়া ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা করা হয়। ২০২৭ সালের হজে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা হজ ফ্লাইটে বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে এক মাইলফলক।
তিনি আরও বলেন, সরকারি ব্যবস্থাপনায় ২টি হজ প্যাকেজ থাকবে। এর মধ্যে হজ প্যাকেজ–১–এর খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২–এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
অন্যদিকে বেসরকারি, মানে হজ এজেন্সির মাধ্যমে হজযাত্রীদের জন্য ‘বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ’ নামে ১টি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালে মিনা–আরাফায় এ, বি, সি ও ডি মোট ৪টি সার্ভিস প্যাকেজ ছিলো; কিন্তু ২০২৭ সালের হজে সার্ভিস প্যাকেজ হবে ৩টি; ‘ডি‘ সার্ভিস প্যাকেজটি থাকছে না। এছাড়া ২০২৭ সালের হজে হাফ বোর্ড ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে। এসব উদ্যোগের কারণে হজযাত্রীদের সেবার মান বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে এবং ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
এসএ