রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলার দুই দিন পর প্রশাসনিক কারণ দেখিয়ে রাজধানীর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষর করা এক আদেশে তাকে ডিএমপি সদর দপ্তরের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।
আদেশ অনুযায়ী, জাহাঙ্গীর আলম—বিপি নম্বর ৭০৮৮৩১৩১, নিরস্ত্র পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ, শাহআলী থানা, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকা—কে প্রশাসনিক কারণে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, এ আদেশ অদ্যই কার্যকর হবে।
আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন শাখায় পাঠানো হয়েছে।
ডিএমপি সূত্রে জারি করা ওই অফিস আদেশে কর্মকর্তাকে সংযুক্ত করার কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হলেও এর বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়নি।