রথযাত্রা উপলক্ষে নগরবাসীকে সময় নিয়ে বের হওয়ার আহ্বান ডিএমপির

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রথযাত্রা উপলক্ষে সম্ভাব্য যানজট এড়াতে নগরবাসীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার আহ্বান জানিয়েছেন ডিএমপি ট্রাফিক–দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান।

রবিবার (৭ জুলাই) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সম্মানিত নগরবাসীর প্রতি এই আহ্বান জানান তিনি।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বলেন, রথযাত্রার শোভাযাত্রাটি আজ দুপুর তিনটায় রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হয়ে জয়কালি মন্দির মোড়, ইত্তেফাক মোড়, শাপলা চত্ত্বর, দৈনিক বাংলা মোড়, রাজউক ক্রসিং, গুলিস্তান, গোলাপশাহ মাজার, পুলিশ হেডকোয়ার্টার্স, সরকারি কর্মচারী হাসপাতাল, হাই কোর্ট মাজার, দোয়েল চত্ত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল ও পলাশী হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসে শেষ হবে।

রথযাত্রা উপলক্ষে রমনা, মতিঝিল ও ওয়ারী রোডে চলাচলকৃত যানবাহনসমূহকে বিকল্প রাস্তা ব্যবহার এবং এসব এলাকার বাসিন্দাদের সময় নিয়ে রাস্তায় বের হতে অনুরোধ করেন পুলিশের এই কর্মকর্তা।

প্রেস ব্রিফিংয়ে ডিএমপির ট্রাফিক–মতিঝিল বিভাগের উপ–পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসান, পিপিএম–সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), ট্রাফিক–রমনা বিভাগের উপ–পুলিশ কমিশনার মো. জয়নুল আবেদীন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ–পুলিশ কমিশনার মোঃ ফারুক হোসেন, পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More