দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিজিবির অভিযানে ৬১টি স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বিজিবির অভিযানে ৬১টি স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক

খুলনায় বিজিবির ব্যাটালিয়নের অভিযানে যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে ১৩ কেজি ওজনের ৬১টি স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক হয়েছে। মঙ্গলবার (০৪ এপ্রিল) বিজিবির খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমানের নেতৃত্বে পাচারকারীদের আটক করা হয়।

আটকরা হলেন: মো. জাহিদুর রহমান, মো: বিল্লাল হোসেন (২৩) এবং মো. হৃত্তিক কাজী (২০)

খুলনা ব্যাটালিয়ন নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে।

এমন তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল যশোরের শার্শা উপজেলার কায়বা গ্রামের গাজীর কায়বা সাহেবের ব্রীজ নামক স্থানে অবস্থান নেয়। কিছুক্ষণ পর টহলদল একটি মোটরসাইকেলযোগে ০৩ জন ব্যক্তিকে আসতে দেখে এবং টহলদলের নিকটবর্তী আসলে তাদেরকে থামতে বলে। উক্ত ব্যক্তিরা না থেমে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে বিজিবি টহলদল তাদেরকে পিছনে ধাওয়া করে স্বর্ণ পাচারকারী চক্রের সদস্যদের আটক করতে সক্ষম হন।

পরবর্তীতে পাচারকারীদের ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে চেসিসের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১৩ কেজি ১৪৩ গ্রাম ওজনের মোট ৬১টি স্বর্ণের বার উদ্ধার করে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য এগার কোটি বিশ লক্ষ তেইশ হাজার আটশত পঁয়ত্রিশ টাকা।
আটক স্বর্ণ পাচারকারীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা স্বর্ণের বারগুলো কায়বা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল।

এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এমি/দীপ্ত