
ফিল হিউজের মৃত্যুর এক যুগ আজ

ফিলিপ হিউজের অকাল মৃত্যু অস্ট্রেলিয়ার ক্রিকেট অঙ্গনে এখনো গভীর বেদনার স্মৃতি হয়ে রয়েছে। ২০১৪ সালের ২৫ নভেম্বর শেফিল্ড শিল্ড ম্যাচে ব্যাটিং করার সময় গলায় বলের আঘাতে আহত হয়ে দুই দিন পর তার মৃত্যু হয়। এ ঘটনায় অস্ট্রেলিয়ার পাশাপাশি গোটা ক্রিকেট বিশ্বে নেমে আসে গভীর শোক।
দেখতে দেখতে পার হয়ে গেলো এক যুগ। ক্রিকেট বিশ্বকে বিমূঢ়, হতবাক ও শোকাচ্ছন্ন করে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিল হিউজ, এই নশ্বর পৃথিবী ছেড়ে অজানা অচেনা সেই রহস্যলোকে পাড়ি জমানোর ১২ বছর। জীবনটা যখন মাত্রই ফুটে উঠতে শুরু করেছে, তখনই চলে গেলেন ফিল হিউজ। তার ২৬তম জন্মদিনের মাত্র তিন দিন আগে।
২০১৪ সালের ২৫ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে, শেফিল্ড শিল্ডের ম্যাচে ব্যাট করার সময় একটি বাউন্সার লেগেছিলো তার ঘাড়ের এক পাশে। টালমাটাল হয়ে হিউজকে মুখ থুবড়ে পড়ে যেতে দেখে সবার মনে যে ভয়টা জেঁকে বসেছিলো, শেষ পর্যন্ত সত্যি হয়েছিলো সেটিই। ফিল হিউজের আর উঠে দাঁড়ানো হয়নি। ২৬টি টেস্ট এবং ২৫টি ওয়ানডেতেই থেমে যাওয়া আন্তর্জাতিক ক্যারিয়ার অর্জনের গল্পের বদলে তাই হয়ে রইলো অনন্ত এক আক্ষেপের নাম।
ফিল হিউজের ওই মৃত্যু শুধু অস্ট্রেলিয়ান ক্রিকেটকেই নয়, কাঁপিয়ে দিয়েছিলো পুরো ক্রিকেট বিশ্বকেই। কোনো ব্যাটারের মাথায় বল লাগলেই আতঙ্কের শুরু হয়েছিলো তখন থেকেই, যার প্রভাব পড়েছে ক্রিকেটের আইনের ওপরও। কনকাশন সাব চালু হওয়ার পেছনে নিশ্চিতভাবেই ভূমিকা রেখেছে হিউজের মৃত্যু। হেলমেটে যোগ হয়েছে বাড়তি সুরক্ষা।
এসব তো হিউজকে মনে করিয়ে দেয়ই, প্রতিবছর তার মৃত্যুবার্ষিকীতে সতীর্থরাও স্মরণ করেন, হারিয়ে যাওয়া বন্ধু ও ছোট ভাইকে। হিউজের মৃত্যু তার সতীর্থদের মানসিকভাবে ভেঙে দেয়। স্টিভ স্মিথ, নাথান লায়ন এবং মিচেল মার্শ এখনো জাতীয় দলে রয়েছেন এবং এই স্মৃতি তাদের পিছু ছাড়েনি।
সময় বেদনার প্রভাব কমায়, তবে পুরনো স্মৃতি কখনো ভুলে যাওয়া যায় না। তার জীবনের গল্প এবং অকাল প্রয়াণ আমাদের মনে করিয়ে দেয় যে ক্রিকেট কেবল খেলা নয়, এর সঙ্গে মানুষের আবেগ ও জীবন গভীরভাবে জড়িয়ে থাকে।
মোহাম্মদ হাসিব








