চমেক হাসপাতালে ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিলো কেএসআরএম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিয়েছে দেশের অন্যতম ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান কেএসআরএম।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জীবন রক্ষায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দেশের অন্যতম ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান কেএসআরএম। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ রোগীদের সুবিধার্থে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রায় দুই কোটি টাকা মূল্যের অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছে শিল্পগ্রুপটি।

শনিবার (২৭ জুন) দুপুরে চমেক হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়। কেএসআরএমের উপ–ব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ এবং চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জাম তুলে দেন।

প্রদানকৃত সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে—চারটি হিমোডায়ালাইসিস মেশিন, চারটি রিয়েল–টাইম ৪ডি আল্ট্রাসাউন্ড মেশিন এবং জিই ব্র্যান্ডের একটি উদ্ভাবনী কালার ডপলার সিস্টেম।

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফ আহমদ বলেন, “দুই হাজার ২০০ শয্যার চমেক হাসপাতালে যে বাজেট বরাদ্দ রয়েছে, তা চাহিদার তুলনায় অপ্রতুল। অনেক রোগী এখানে চিকিৎসা নিতে এসে নিঃস্ব হয়ে যান। কেএসআরএমের এই সহায়তা রোগীদের দারুণ উপকারে আসবে।” এ সময় তিনি কেএসআরএমের মতো দেশের অন্যান্য শিল্পগ্রুপকেও এমন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

চমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, “যেকোনো ক্রান্তিকালে বা সংকটময় মুহূর্তে কেএসআরএম সবার আগে এগিয়ে আসে। তারা সব সময়ই আমাদের ভরসাস্থল এবং যেকোনো মানবিক কাজে আমাদের সারথি। অতিমূল্যবান এসব চিকিৎসা সরঞ্জাম জরুরি মুহূর্তে সংকটাপন্ন রোগীর জীবন বাঁচাতে সাহায্য করবে এবং এর ফলে রোগীরা কম খরচে উন্নত চিকিৎসাসেবা পাবেন।” তিনি আরও বলেন, কেএসআরএমের এই উদার মানবিক সহায়তা চমেক হাসপাতালকে আরও সমৃদ্ধ করেছে।

কেএসআরএমের পক্ষে পরিচালক (বিক্রয় ও বিপণন) জসিম উদ্দিন বলেন, “চমেক হাসপাতালের মানবিক সহায়তার সহযাত্রী হতে পেরে কেএসআরএম পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মানুষের পাশে থাকাই আমাদের নিরলস প্রচেষ্টা। আগামীতেও যেকোনো মানবিক মূল্যবোধসম্পন্ন কাজে আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।“

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেএসআরএমের পরিচালক জসিম উদ্দিন, চমেক হাসপাতালের উপ–পরিচালক, সহকারী পরিচালকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রুনা আনসারী, চট্টগ্রাম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More