
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল শেষে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৬টি ককটেল বিস্ফোরণ ও বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন ।
সোমবার (২৩ নভেম্বর) জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে নেতাকর্মীদের বক্তব্য দেওয়ার সময় বক্তাদের পাশে দাঁড়ানো নিয়ে ঘোষেরচর গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা মোরসালিনের সঙ্গে চরমানিকদাহ গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা শাকিলের ভাই সাজিদের ধাক্কাধাক্কি হয়।
এর জেরে সন্ধ্যার পর গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই গ্রামের বাসিন্দারা। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া হয়। ২ পক্ষ থেকে প্রায় ৬টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এতে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত ৫ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বর্ডার গার্ড (বিজিবি), আনসার ও এসআরবি। আইন–শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
গোপালগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, আমরা শুনেছি ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়েছিল। তবে এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।








