ইরানে বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ আইআরজিসি সদস্য নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইরানের উত্তর–পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে এক ভয়াবহ বিস্ফোরণে ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ১৪ জন সদস্য নিহত হয়েছেন।

প্রদেশটিতে ছড়িয়ে থাকা অবিস্ফোরিত বোমা ও মাইন অপসারণের সময় এই দুর্ঘটনা ঘটে। ইরানের আধা–সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে আল–জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি’র একটি বিশেষ ইঞ্জিনিয়ারিং ইউনিট জানজান প্রদেশের একটি এলাকায় অবিস্ফোরিত গোলাবারুদ ও মাইন পরিষ্কারের দায়িত্বে নিয়োজিত ছিল। কাজ চলাকালীন একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই ১৪ জন প্রাণ হারান এবং আরও দুই সদস্য গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ সংস্থাটি জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় ছড়িয়ে থাকা অবিস্ফোরিত বোমার কারণে প্রায় ১ হাজার ২০০ হেক্টর উর্বর কৃষিজমি ব্যবহারের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। স্থানীয় কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই বিশাল কৃষিজমি আবাদের উপযোগী করে তোলার লক্ষ্যেই আইআরজিসি এই বিশেষ অভিযানটি চালাচ্ছিল।

ইরানের বিভিন্ন অঞ্চলে অতীতে ঘটে যাওয়া সংঘাত বা সামরিক মহড়া থেকে রয়ে যাওয়া অবিস্ফোরিত গোলাবারুদ মাঝেমধ্যেই প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে জানজান ও সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কৃষিজমি ও চারণভূমি পরিষ্কার করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আইআরজিসি’র পক্ষ থেকে নিহতদের ‘শহীদ’ হিসেবে অভিহিত করা হয়েছে এবং তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More