সুনামগঞ্জের সদর উপজেলায় পৃথক বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন– সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আব্দুর কাদিরের ছেলে জমির উদ্দিন (৩৮) এবং একই উপজেলার গৌরারং ইউনিয়নের বৈটাখালি গ্রামের কায়িদ হোসেনের ছেলে জমির হোসেন (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের দেখার হাওরে অন্যান্য কৃষকদের সাথে ধান কাটতে যান জমির উদ্দিন। এ সময় বজ্রপাতে জমির উদ্দিন আহত হলে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া একই সময় গৌরারং ইউনিয়নের বৈটাখালি গ্রামের জমির হোসন বাড়ি থেকে বের হয়ে বৈটাখালি নদীঘাটে দোকান খুলতে যাওয়ার সময় আকস্মিক বজ্রপাতে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. শফিকুর রহমান জানান, দুপুরে বজ্রপাতের ঘটনায় দুজন এসেছেন; তাদের সবাই মৃত।
এদিকে শান্তিগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আরও ৩ জন আহতের ঘটনা ঘটেছে।
জাকারিয়া আহমদ/এজে/দীপ্ত সংবাদ