ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সুদের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মো. হাদিম নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রবিবার (২৮ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজার এলাকায় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের বাসিন্দা খাদেম মোল্লার কাছে সুদের এক লাখ টাকা পাবেন বলে দাবি করেন। তবে খাদেম মোল্লা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে কালিকচ্ছ বাজারে সংঘর্ষে লিপ্ত হয়। এতে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি। পুলিশ সংঘর্ষ থামাতে চেষ্টা চালাচ্ছে।