রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার চলাকালে হঠাৎ ‘গুলির শব্দ’ শোনা গেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমে বার্ষিক এই আয়োজন শুরুর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি উপস্থিত ছিলেন। এ সময় বাইরে থেকে ‘গুলির শব্দ’ ভেসে এলে অনুষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ওই অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজে দেখা গেছে, ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। ওই সময় হোটেলটির বাঙ্কেট হলে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পকে ঘিরে ফেলেন তার নিরাপত্তা বাহিনী। বাঙ্কেট হলের ভেতরই অনুষ্ঠানটি হচ্ছিল।

কিছু সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

হোয়াইট হাউজ সাংবাদিক প্রতিনিধি অ্যাসোসিয়েশনের সভাপতি ওইজা জিয়াং জানিয়েছেন, নৈশভোজের অনুষ্ঠানটি আবারও শুরু হবে।

প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকেও ওই নৈশভোজের অনুষ্ঠানের মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছে একটি সূত্র।

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজে যেসব সাংবাদিক কাজ করেন তাদের নিয়ে প্রতিবছর এ নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিক ছাড়াও মিডিয়া অঙ্গনের তারকারাও ছিলেন। গুলির ঘটনার পর তাদের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিরাপত্তা বাহিনীর এক সদস্য বার্তাসংস্থা এপিকে জানিয়েছেন, এক বন্দুকধারী হোটেলটিতে এসে গুলি ছোড়ে। তবে তাকে হত্যা করা হয়েছে কিনা সেটি স্পষ্ট করেননি তিনি।

সূত্র: আলজাজিরা, এপি

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More