
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৯৬ লাখ

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে আপন নীড়ে ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। এর প্রভাবে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ।
গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩২ হাজার ৬৫৯ টি যানবাহন চলাচল করেছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা।
রবিবার (২৪ মে) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয় এ তথ্য নিশ্চিত করেন।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (২২ মে) রাত ১২টা থেকে শনিবার (২৩ মে) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩২ হাজার ৬৫৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী লেন দিয়ে ১৬ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা।
অপরদিকে ঢাকাগামী লেন দিয়ে ১৫ হাজার ৮৯৬ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।
এ ব্যাপারে, যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, যানবাহনের চাপ বেড়েছে। ঈদযাত্রায় অতিরিক্ত চাপ সামলাতে এবং দ্রুত টোল আদায়ের জন্য মোটরসাইকেলের জন্য দুটি করে মোট ৪টি পৃথক বুথসহ মোট ১৮টি বুথ দিয়ে টোল আদায় করা হচ্ছে। আমরা সার্বক্ষণিক টোল আদায় চালু করার চেষ্টা করছি।
উল্লেখ্য, ১৯৯৮ সালে যমুনা সেতু চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বিগত সময়ে সেতুর টোল আদায় করে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)। সরকার পরিবর্তন হওয়ার পর ২০২৪ সালের শেষ দিক থেকে বর্তমানে চায়না রোড ব্রিজ করপোরেশন টোল আদায় করছে।
এসএ





