সোমবার, মে ১৮, ২০২৬
সোমবার, মে ১৮, ২০২৬

হিলি বন্দরে বেড়েছে মসলার আমদানি, দাম কেমন?

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আসন্ন ঈদুল আজহা সামনে রেখে দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে বিভিন্ন মসলা জাতীয় পণ্যের আমদানি।

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে বিভিন্ন মসলা জাতীয় পণ্যের আমদানি। বর্তমানে এ বন্দর দিয়ে আমদানি হচ্ছে— জিরা, আদা, মহুরি, কিসমিস, সাদা এলাচসহ বিভিন্ন মসলা।

হিলি কাস্টমস তথ্যমতে, চলতি বছর পহেলা জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত জিরা, ছোট এলাচ, কাজুবাদাম, কিসমিস আমদানি হয়েছে ২৬ হাজার মেট্রিক টন। যার মধ্যে শুধু জিরা এবং ছোট এলাচ আমদানি হয়েছে সাড়ে ৭ হাজার মেট্রিক টন।

এ বিষয়ে মসলা আমদানি কারক হযরত আলী সরদার বলেন, আমদানি স্বাভাবিক থাকলে ঈদে মসলার দাম ভোক্তা নাগালের মধ্যে থাকবে। চাহিদা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে মসলা জাতীয় পণ্যের আমদানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে আমদানি হচ্ছে আদা, জিরা, ছোট এলাচ, মহুরি, কিসমিস, কাজুবাদামসহ বিভিন্ন মসলা। আমদানি করা এসব মসলা যাচ্ছে ঢাকা, বগুড়া, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে।

সোমবার (১৮ মে) সকালে হিলি বাজারে মসলার দোকানে গিয়ে দেখা যায় প্রতিটা দোকানেই পর্যাপ্ত মসলা সরবরাহ আছে। বিভিন্ন জেলা থেকে মসলা কিনতে এসেছেন পাইকারি ও খুচরা ক্রেতা।

মসলা ক্রেতা মোবারক হোসেন বলেন, হিলি বাজার থেকে জিরা, দারচিনি, ছোট এলাচসহ বিভিন্ন ধরনের মসলা কিনলাম। গতবারের তুলনায় এবার কিছুটা কম দামে কিনলাম। মসলার কোয়ালিটি অনেক ভালো।

এদিকে মসলা বিক্রেতা ইউসুফ আলী বলেন, প্রতিবছর ঈদুল আজহার আগে মসলার দাম বৃদ্ধি পায় তবে এবার সেটা ব্যতিক্রম। জিরা এলাচসহ প্রতিটা পণ্যের দাম কমেছে। সাদা এলাচ কেজি প্রতি প্রকারভেদে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত কমেছে।

তিনি আরও বলেন, বর্তমানে প্রতি কেজি ছোট এলাচ বিক্রি হচ্ছে ৪২০০ থেকে ৪৫০০ টাকা কেজি। জিরা কেজি ৬৫০ টাকা থাকলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৫৪০ টাকা কেজি। একইভাবে গোল মরিচ, লবঙ্গ, কালো এলাচসহ সব ধরনের মসলার দামও কমেছে। এতে করে বেড়েছে বেচা বিক্রিও।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসী পারভেজ বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানিরফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। আসন্ন কোরবানি ঈদ সামনে রেখে আদা, জিরাসহ মসলা যাতীয় পণ্য আমদানি, পরীক্ষণ শুল্কায়ন শেষে আমদানিকৃত সকল পণ্য দ্রুত খালাসহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More