
ব্রাহ্মণবাড়িয়ায় পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। এতে আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। তবে টাকার ভোল্টের কোনো ধরনের ক্ষতি হয়নি। মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় এ ঘটনা ঘটে।
ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, মঙ্গলবার রাত দুইটার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়। নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে তাদেরকে অবহিত করেন। স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরই মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভায়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রিফাত আন নাবিল/এজে/দীপ্ত সংবাদ








