কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স থেকে রেকর্ড পরিমাণ ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার (২৭ জুন) সকাল ৭টায় মসজিদটির দানবাক্সগুলো খোলার পর টাকা গণনার কাজ শুরু হয়।
টাকা গণনার পাশাপাশি দানবাক্স থেকে নানা নামে–বেনামে লেখা বিভিন্ন চিঠিও পাওয়া গেছে। এর মধ্যে সবার নজর কেড়েছে এক ফুটবলপ্রেমীর আবেগঘন একটি চিঠি। চিঠিতে ওই ভক্ত লিখেছেন, “হে আল্লাহ, আমি চাই ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে আমার প্রিয় বাংলাদেশ অংশগ্রহণ করুক। লাল–সবুজের পতাকা বিশ্বকাপের মঞ্চে উড়ুক এবং কোটি বাংলাদেশির স্বপ্ন পূরণ হোক।“
মসজিদের দ্বিতীয় তলায় টাকা গণনার কাজে অংশ নিয়েছেন বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী, মসজিদের কর্মকর্তা–কর্মচারী, রূপালী ব্যাংকের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে দানবাক্স খোলার খবর ছড়িয়ে পড়লে মসজিদ এলাকায় উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়।