
পাকিস্তানের বেলুচিস্তানে বোমা হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সিবি জেলায় পুলিশের একটি ট্রাকে আত্মঘাতী বোমা হামলায় অন্তত দশ পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১২ জন। সোমবার (৬ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, একটি মোটারসাইকেলে চড়ে পুলিশের ট্রাকটির উপর হামলা চালানো হয়৷ হতাহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি৷ তবে বেলুচিস্তানের স্থানীয় ‘জঙ্গিগোষ্ঠী‘ হামলার সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে৷
পুলিশ কর্মকর্তা মাহমুদ নোতেনাজি জানান, সিবি জেলার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের নিরাপত্তা দিতে ট্রাকে করে পুলিশের এই দলটি টহল দিচ্ছিলো৷ এ সময় ট্রাকটি একটি ব্রিজের কাছে পৌঁছালে এক মোটরসাইকেল আরোহী আত্মঘাতী হামলা চালায়৷ গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে নিতে একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে বলে জানান তিনি৷
কয়েকশ বছর ধরে চলে আসা এই সাংস্কৃতিক অনষ্ঠানটি মূলত গ্রীষ্মকালের আগমন উপলক্ষে আয়োজন করে থাকে স্থানীয়রা৷
এফএম/দীপ্ত সংবাদ








