তীব্র গরমে হাঁসফাঁস রাজধানীর জনজীবন। ঢাকার বাইরেও একই অবস্থা। দিনভর প্রখর রোদ আর রাতের গরমে নাজেহাল সাধারণ মানুষ। শুক্রবার (২৪ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে; ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে গরমের তীব্রতায় স্বস্তি নেই কোথাও। বাসা–বাড়ি থেকে শুরু করে কর্মক্ষেত্র, সর্বত্রই ভোগান্তি। প্রচন্ড রোদ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ সবাই। রোদে দীর্ঘ সময় কাজ করায় বাড়ছে অসুস্থতার ঝুঁকি। গরম থেকে রক্ষা পেতে অনেকে ভিড় করছেন খোলা জায়গা ও জলাধারের পাশে। কেউ ছায়ায় বসে সময় কাটাচ্ছেন, কেউ আবার ঠান্ডা পানিতে স্বস্তি খোঁজার চেষ্টা করছেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু গরম অনুভূত হয়েছে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের।
আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানান, আগামী সপ্তাহ থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে। যা বেশ কিছুদিন অব্যাহত থাকবে।