ভারতের কানপুর রাজ্যে একটি সরকারি হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতিতে রোগী দেখেছেন তাঁর গাড়িচালক। এমনকি রোগীদের জন্য ওষুধের প্রেসক্রিপশনও লিখেছেন।
এ ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হাসপাতাল প্রশাসন তদন্ত শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে কানশি রাম কম্বাইন্ড হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে।
সংবাদমাধ্যম প্রতিবেদন অনুযায়ী, ওই হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার রামকেশ একটি মামলার কাজে আদালতে গিয়েছিলেন। তার অনুপস্থিতিতে তাঁর গাড়িচালক দেব হাসপাতালের বহির্বিভাগে রোগীদের ডেকে তাদের সমস্যা শোনেন এবং ওষুধ লিখে দেন।
ভিডিওতে দেখা যায়, দেব রোগীদের বিভিন্ন উপসর্গ সম্পর্কে প্রশ্ন করছেন। বিশেষ করে পেটব্যথা ও অন্যান্য শারীরিক সমস্যার কথা জিজ্ঞেস করতে দেখা যায়। রোগীদের হাসপাতালের বাহিরের একটি ওষুধের দোকান থেকে ব্যাবস্থাপত্রে লেখা ওষুধ কিনতেও বলা হচ্ছে।
ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে ব্যাখ্যা চেয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরায় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এফআইআরসহ কঠোর ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গৌরব ত্রিবেদী’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে নেটমাধ্যমে নানা প্রতিক্রিয়াও দেখা যায়।
সূত্র: ইন্ডিয়া টুডে
এসএ