গণতন্ত্রের ধ্রুবতারা তারেক রহমান: রিজভী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা। তাকে দেখে জুলাই–আগস্ট আন্দোলন বেগবান হয়েছে। সুতরাং তাকে নিয়ে অশালীন মন্তব্য করা উচিত নয়।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থানে কুড়িগ্রাম জেলার ১০ শহীদ পরিবারকে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ১০ শহীদ পরিবারের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সহায়তা তুলে দেওয়া হয়। ‘আমরা বিএনপি পরিবার’ নামে একটি সংগঠন এই অনুষ্ঠান আয়োজন করে।

রিজভী বলেন, তারেক রহমান নিয়ে অপপ্রচারে নামবেন না, তাহলে আপনাদের নিজেদের উপরই অনেক কিছু নেমে আসবে। ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের শুধু বহিষ্কার নয়, তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

তিনি বলেন, গত ১৬ বছর বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের মাঠে যে পটভূমি রচিত হয়েছিল, সেই পটভূমির ওপর জুলাই আন্দোলন বিজয় লাভ করেছে।

বিএনপি এ নেতা বলেন, ‘১৬ বছর আমরা লড়াই করেছি। জনগণ ভোট দিতে পারেনি। ভোটকেন্দ্রে দিনের ভোট রাতে হয়েছে। সেই নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন? সরকারের উচিৎ জনগণের সেন্টিমেন্ট বুঝে রমজান মাসের আগে নির্বাচন দেওয়া। আইনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক।

তিনি আরও বলেন, দেশে অনেক সংকট থাকার পরেও ড. ইউনুস সরকারকে আমরা সবাই সমর্থন করেছি। আজকে কাঁচা মরিচ কেজি ৩০০–৪০০ টাকা। খাদ্য–পণ্যের দাম প্রতি সপ্তাহে ২–৩ টাকা বাড়ছে, তারপরও আমরা সমর্থন করছি। তিনি অসৎ না, শেখ হাসিনা‘র মতো পদ্মা সেতু, মেট্রোরেল ও ফ্লাইওভার নামে দেশের বাইরে টাকা পাচার করছেন না।

রিজভী বলেন, ‘ছাত্ররা থাকবে পাঠকক্ষে, ক্লাসরুমে। সচিবালয়ে ওদের কাজ কী? ডিসি অফিসে কাজ কী? এসপি অফিসে কাজ কী? সিভিল সার্জন অফিসে কাজ কী? এভাবে আইনের শাসন কায়েম করবেন কী করে।’

অনুষ্ঠানে জেলা বিএনপি আহ্বায়ক মোস্তাফিজার রহমান সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন– বিএনপি বিভাগীয় সহ–সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, ‘আমরা বিএনপি পরিবার‘ কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান রুমন, জেলা বিএনপি সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাইফুর রহমান রানা প্রমুখ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More