শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
রাজনীতি

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দলের সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানান এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাতে (আনুমানিক ভোর ৪টার দিকে) রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ ঘটনা ঘটে।

মুখে মাস্ক পরা কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশায় করে এসে চলন্ত অবস্থায় সেটি থামিয়ে মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে বোতলে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলতে শুরু করলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দলের দাবি, কেন্দ্রীয় কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করেন। তবে ততক্ষণে গাড়িটির একাংশ পুড়ে যায়।

যৌথ বিবৃতিতে বলা হয়, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে এভাবে অগ্নিসংযোগের চেষ্টা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি রাজনৈতিক অসহিষ্ণুতা, ভীতি প্রদর্শন এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। এ ধরনের কাপুরুষোচিত হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এবি পার্টিকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।

বিবৃতিতে আরও বলা হয়, আগুন–সন্ত্রাস, হামলা কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এ ঘটনা ঘটিয়েছে বলে তারা অভিযোগ করেন। আগুন–সন্ত্রাসের মাধ্যমে ফ্যাসিবাদীরা আরও বেশি জনবিচ্ছিন্ন হচ্ছে।

দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি বিবৃতিতে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়।