দীপ্ত নিউজ
খেলা

ইংলিশদের রানের পাহাড়, অগ্নিপরীক্ষার মুখোমুখি টাইগাররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইংলিশদের রানের পাহাড়, অগ্নিপরীক্ষার মুখোমুখি টাইগাররা

দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড়ে গড়েছে ইংল্যান্ড। টাইগারদের ৩২৭ রানের বিশাল টার্গেট দিয়েছে ইংলিশরা। জেসন রয়ের সেঞ্চুরি আর অধিনায়ক জস বাটলারের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৬ রান করে সফরকারীরা।

এর আগে মিরপুরে ২০০তম আন্তর্জাতিক ম্যাচে টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

সপ্তম ওভারে প্রথম ব্রেকথ্রু পায় বাংলাদেশ। তাসকিন আহমেদের বলে স্লিপে নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন ফিল সল্ট।

৫৪ বলে ৫৮ রানের জুটি গড়েছিলেন জেসন রয় ও মালান। তবে বোলিংয়ে এসে নিজের তৃতীয় বলে প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান মালানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। ১৯ বলে ১১ রানে বাঁহাতি এই ব্যাটারের বিদায়ে স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে।

জেমস ভিন্সকে বেশি সময় স্থায়ী হতে দেয়নি তাইজুল ইসলাম। ১৬ বলে ৫ রান করে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন তিনি। এরপর অধিনায়ক জস বাটলারকে নিয়ে বড় জুটি গড়েন রয়। ১০৪ বলে ওয়ানডে ক্যারিয়ারে ১২তম সেঞ্চুরি তুলে নেন জেসন রয়।

জস বাটলার ৫০ বলে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ২৪তম হাফসেঞ্চুরি। ফিফটির পর ১৩ বলে তুলে ফেলেছিলেন ২৬ রান। মেহেদী হাসান মিরাজের পরপর দুই বলে হাঁকান দুটি বিশাল ছক্কা। কিন্তু পরের বলে ইংলিশ অধিনায়ককে কট অ্যান্ড বোল্ড করে সাজঘরে ফেরান মিরাজ। ৬৪ বলে ৭৬ রান করেন বাটলার।

এমি/দীপ্ত