হবিগঞ্জ মেডিকেলে অধ্যক্ষের পদত্যাগ দাবি, শিক্ষার্থীদের বিক্ষোভ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুনির্মল রায়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে কলেজের অস্থায়ী ক্যাম্পাসে তারা বিক্ষোভ করে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয় তালাবদ্ধ করে দেয়।

শিক্ষার্থীরা জানান, কলেজে যোগদান করার পর থেকেই অনিয়ম ও দুর্নীতি করে আসছেন অধ্যক্ষ সুনির্মল। ২০২৩–২৪ অর্থ বছরের বাজেটে বিভিন্ন বরাদ্দ দেখিয়ে কয়েকটি কোটি টাকা আত্মসাৎ করেছেন অধ্যক্ষ ডা. সুনির্মল রায়ে।

এ সময় শিক্ষার্থীরা তাকে আগামী ৩ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে আল্টিমেটাম দেয়। পরে শিক্ষার্থীরা সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করে। এতে দাবি না মানা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন ও প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।


এর আগে গত শনিবার ৮ দফা দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে দাবি না মানায় ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয়। আজ আল্টিমেটাম শেষ হলে তারা অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা দিয়েছে।

এতে বক্তব্য দেন ইয়াছিন ফাতির রিংকু, রিয়েল সরকার, সানজিদা আক্তার তামান্না, তাসনিমুর রিয়াজ, আকিব মাহমুদ ও সাজিদা রহমান।

২০১৫ সালে শেখ হাসিনা মেডিকেল কলেজের অনুমোদন দেয়া হয়। একই বছর শিক্ষার্থী ভর্তির প্রশাসনিক অনুমোদনও পায়। কিন্তু একাডেমিক ভবন নির্ধারণ না হওয়ায় সে বছর শিক্ষার্থী ভর্তি করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত অস্থায়ী ক্যাম্পাস হিসেবে হবিগঞ্জ সদর হাসপাতালের দ্বিতীয় ও তৃতীয় তলা নির্ধারণ হলে ২০১৭–১৮ শিক্ষাবর্ষে ৫১ জন শিক্ষার্থী ভর্তির মাধ্যমে মেডিকেল কলেজটির যাত্রা শুরু হয়।


আখলাছ আহমেদ/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More