দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কক্সবাজারে পাহাড় ধসে অন্তঃসত্তা স্ত্রীসহ স্বামীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কক্সবাজারে পাহাড় ধসে অন্তঃসত্তা স্ত্রীসহ স্বামীর মৃত্যু

ভারী বর্ষণে কক্সবাজারের সদর উপজেলায় পাহাড় ধসে এক অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী স্বামীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুন) ভোর রাত সাড়ে তিনটার দিকে কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাদশা ঘোনা–খাজামনজিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– মো. আনোয়ার হোসেন (২৬) ও তার ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মাইমুনা আক্তার (২০)। আনোয়ার হোসেন বাদশা ঘোনার প্রবাসী নজির আহাম্মদের ছেলে। আনোয়ার স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বপালন করতেন।

বিষয়টি নিশ্চিত করেন ঝিলংঝা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান।

স্থানীয়রা জানান, পাহাড়ের পাদদেশে বসবাস করতেন আনোয়ার হোসেনের পরিবার। বৃহস্পতিবার (২০ জুন) রাতে প্রচুর বৃষ্টিপাত হয়। শুক্রবার ভোররাতে পাহাড় ধসে পড়লে ঘুমন্ত অবস্থায় আনোয়ার ও মাইমুনা মাটির নিচে চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু‘জনকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। লাশগুলো মর্গে রয়েছে।

নিহতের চাচা আবদুল্লাহ গণমাধ্যমকে অভিযোগ করে বলেন, ‘পাহাড় ধসের বিষয়টি জানার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও কক্সবাজার দমকল বাহিনীকে ঘণ্টা খানেক কল দেওয়া হয়। কিন্তু তারা সাড়া না দেওয়ায় স্থানীয়রা যে যার মতো মাটি সরান।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান বলেন, পাহাড়ধসে ঘুমন্ত স্বামী–স্ত্রীর মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (১৯ জুন) ভোররাতে উখিয়ায় চারটি রোহিঙ্গা আশ্রয় শিবিরে পৃথক পাহাড়ধসে ৮ জন রোহিঙ্গা ও ২ জন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়।

 

এসএ/দীপ্ত সংবাদ