দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চাঁদপুরে বাড়িতে ঢুকে দাদি-নাতিকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চাঁদপুরে বাড়িতে ঢুকে দাদি-নাতিকে কুপিয়ে হত্যা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় রাতের আঁধারে বসতঘরে ঢুকে এক বৃদ্ধা ও তার নাতিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ মে) রাত ১টার দিকে উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের রাধাসা গ্রামের বকাউল বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ওই এলাকার নিহত সিরাজ উদ্দিনের স্ত্রী হামিদুন্নেছা (৬৫) ও তার নাতি আরাফাত হোসেন (১৪)। অপর নাতনি হালিমা আক্তার মিমকে গলাকেটে গুরুতর আহত করে। মিম শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ও তার চাচাতো ভাই আরাফাত একই বিদয়ালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

নিহত বৃদ্ধার ছোট ছেলের স্ত্রী জানান, উনার তিন ছেলে প্রবাসী। তিন ছেলের স্ত্রী ও সন্তানদের নিয়ে তারা ওই বাড়িতে বসবাস করছেন।

সোমবার রাতে নাতি–নাতনিদের নিয়ে ঘুমিয়ে পড়েন তার শাশুড়ি। এ সময় বোরকা পরে এক যুবক ঘরের দরজা ভেঙে ঘরে ঢোকে। এরপর ঘরে থাকা লোকদের এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে দাদি হামিদুন্নেছা নিহত হন। নাতি আরাফাত হোসেনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে নাতনি হালিমা আক্তার মিমকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

আবদুল গণি নামে একজন বলেন, হত্যার পেছনে দুইটি কারণ থাকতে পারে। মিমকে ইভটিজিং করার প্রতিবাদ করেছে পরিবার। অন্যটি গ্রামের কয়েকজন তাদের ভাড়াটিয়া লোক দিয়ে হত্যার হুমকি দিয়েছে।

ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. অরুণ বলেন, রাতে হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরিবারে তিন পুরুষ সদস্য প্রবাসে থাকে। দাদিকে জবাই করে হত্যা করা হয়। নাতি–নাতনিকে কুপিয়ে জখম করেছে। হাসপাতালে নেয়ার পর নাতি মারা যায়।

হত্যার বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, ঘটনাস্থলে পিবিআই ও পুলিশের তদন্ত টিম কাজ করছে।

তিনি জানান, গত রাত অনুমান সাডে ১২টার দিকে দু্ষ্কৃতকারীরা বাকিলা ইউনিয়নের পশ্চিম রাধাসার গ্রামের বকাউল বাড়ির হামিদুন নেসাকে খুন করে ও তার নাতিন হালিমা, নাতি আরাফাতকে গলা কেটে গুরুতর আহত করলে হালিমা ও আরাফাতকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আরাফাতকে মৃত ঘোষণা করে। আহত হালিমার অবস্থা গুরুতর হলে তাকে কুমিল্লা ও পরবর্তীকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে বলেন, এটি ডাকাতির ঘটনা হতে পারে না। হত্যার পেছনে কয়েকটি কারণ থাকতে পারে।

 

এজে/দীপ্ত সংবাদ