
বান্দরবানের দুই নির্মাণ শ্রমিককে অপহরণ

বান্দরবানে অস্ত্রের মুখে দুই নির্মাণ শ্রমিককে অপহরণ করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। বুধবার (১৪ জুন) রাত ১২টার দিকে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের চান্দা পাড়া এলাকার নির্মাণাধীন একটি ব্রিজের শ্রমিকদের বাসা থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃতদের একজনের নাম নুর মোহাম্মদ বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রুমায় চান্দা পাড়া এলাকায় একটি ব্রিজের নির্মাণ কাজ চলছিলো। ওই ব্রিজের লেবার শেড থেকে বুধবার রাত ১২ টার দিকে সন্ত্রাসীরা সেখানে এসে ২ জন শ্রমিককে অস্ত্রেরমুখে তুলে নিয়ে যায়। এর পর থেকে তাদের আর কোন খোঁজ পাওয়া যায়নি। তবে কে বা কারা তাদের অপহরণ করেছে তা জানা যায়নি।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, রুমার চান্দা পাড়া এলাকা থেকে সন্ত্রাসীরা দুই নির্মাণ শ্রমিককে অপহরণ করে নিয়ে যাওয়ার খবর শুনেছি। তবে আমাদের কাছে কেউ এখনো অভিযোগ করেনি।
উল্লেখ্য গত ১০ জুন রুমার বগালেক এলাকা থেকে ৪ জন শ্রমিককে অপহরন করেছিল কেএনএফ সন্ত্রাসীরা। পরে তাদেরকে আবার ছেড়ে দেয়া হয়।
ক্যমুই অং মারমা/আল/দীপ্ত সংবাদ








