
আদালতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বাবা

ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তার সঙ্গে পারিবারিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন বাবা ইদ্রিস মৃধা।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এর আগে, ২৬ নভেম্বর জেলা জজ আদালতের আইনজীবী মো. রফিকুল ইসলামের মাধ্যমে এফিডেভিট করে এ ঘোষণা দেন ইদ্রিস মৃধা।
ছেলে রাহাত মৃধা আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বরগুনা পৌরসভার ওয়াপদা সড়ক এলাকার বাসিন্দা ইদ্রিস মৃধার মেজ ছেলে।
এফিডেভিটে ইদ্রিস মৃধা উল্লেখ করেন, রাহাত তার মেজ ছেলে। তাকে লালন–পালন করে প্রতিষ্ঠিত করলেও বর্তমানে তিনি নিজের ইচ্ছা ও খুশিমতো চলাফেরা করেন। রাজনৈতিক অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত হতে নিষেধ করলেও ছেলে তার কথা শোনেননি। ভালোভাবে চলার পরামর্শ দিলে রাহাত তার ওপর ক্ষিপ্ত হন।
এতে আরও বলা হয়, রাহাত সমাজের আচার–আচরণ ও নিয়মনীতি মানেন না এবং কারও কথার তোয়াক্কা করেন না। ভবিষ্যতের কথা চিন্তা করে তার সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন ইদ্রিস মৃধা।
কেউ রাহাতের সঙ্গে বাবা–ছেলের সম্পর্ক দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না বলেও এফিডেভিটে উল্লেখ করা হয়।
ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়ে ইদ্রিস মৃধা বলেন, ‘আমার কথা না শোনায় ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি। তাকে বারবার বুঝিয়েছি, আমরা গরিব মানুষ, আমাদের রাজনীতি করার দরকার নেই। কিন্তু সে আমার কোনো কথাই শোনে না। আমার তো নিজের চলতে হবে, থাকতে হবে। এ কারণেই ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি।’
এ বিষয়ে রাহাত মৃধা বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমার প্রাণ। আমাকে ত্যাজ্য করলেও আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকে জীবন কাটাতে চাই। পরিবার থেকে বিচ্ছিন্ন করলেও আমার কোনো সমস্যা নেই।’
তথ্য: জাগো নিউজ








