
ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা চুরি

রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার পর একটি সোনার দোকান থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ সময় দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদও নিয়ে যায় দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র্যাংস প্লাজার পূরবী জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে।
দোকান কর্তৃপক্ষের অভিযোগ, চুরির আগে দোকানের কয়েকজন নিরাপত্তাকর্মীকে ‘মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়েছিল’। ফলে দোকান ও মার্কেটের নিরাপত্তাকর্মীদের ‘যোগসাজশ থাকার’ সন্দেহ করছে দোকান কর্তৃপক্ষ।
শনিবার (২৮ নভেম্বর) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন , দোকান মালিক প্রাথমিকভাবে জানিয়েছেন, ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ভরি গহনা চুরি হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। শপিং মলের দুই নিরাপত্তাকর্মী পলাতক। ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে আরও চার নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, আনুমানিক দুই হাজার ভরি গহনা চুরি হয়েছে। এর মধ্যে সোনা, রুপা ও হীরার গহনা রয়েছে। এ ছাড়া দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদ নিয়ে গেছে চোরেরা।








