দীপ্ত নিউজ
বিনোদন

মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে যা বললেন মাহি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে যা বললেন মাহি
সামিরা খান মাহি

মিস ইউনিভার্সের সেরা ৩০–এ জায়গা হয়নি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহির। দর্শক ভোটে একসময় শীর্ষে ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেননি।

প্রত্যাশিত ফল না আসার পর এবার দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন এই সুন্দরী। জানিয়েছেন, দেশের মানুষের ভালোবাসায় তিনি কৃতজ্ঞ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মাহি লেখেন, ‘প্রিয় বাংলাদেশ, আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন। আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন। সত্যিই আমি কৃতজ্ঞ।’

নিজের সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়ে মাহি বলেন, ‘বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি। আপনারাও আমার জন্য যেভাবে চেষ্টা করেছেন, যেভাবে দিনরাত পাশে থেকেছেন, তা আমি কখনো ভুলব না। তবুও আজ একটা কথা বলতে চাই আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

তিনি আরও বলেন, ‘জীবনে সব চেষ্টা আমাদের প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না। কিন্তু তার মানে এই নয় যে সেই চেষ্টার মূল্য নেই। কিছু অভিজ্ঞতা, কিছু মুহূর্ত এবং কিছু অনুভূতি সারাজীবনের জন্য মনে থেকে যায়। আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়।’

বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসা ও গর্বের কথা তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। আমাকে বিশ্বাস করার জন্য, আমার পাশে থাকার জন্য এবং এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। ভালোবাসি বাংলাদেশ।’