দীপ্ত নিউজ
অর্থনীতি

রাইজ অ্যাবাভ অল ১০এক্স

দশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট

নয় বছর আগে ছোট্ট যে উদ্যোগের শুরু, সময়ের সঙ্গে সেটিই হয়ে উঠেছে দেশের তরুণদের জন্য পরিচিত একটি মঞ্চ। যেখানে শুধু সাফল্যের গল্প নয়, উঠে আসে ব্যর্থতা, কঠিন সময় আর নতুন করে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা। সেই ধারাবাহিকতায় আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাইজ অ্যাবাভ অল–এর দশম আসর।

আগের নয়টি আয়োজনে সরাসরি অংশ নিয়েছেন ২১ হাজার ৫০০–এর বেশি মানুষ। অনুষ্ঠানগুলোকে ঘিরে তৈরি হয়েছে ১ হাজার ৫৫০টিরও বেশি কনটেন্ট, যেগুলোর অনলাইন ভিউ ও এনগেজমেন্ট ১০ কোটিরও বেশি। এই দীর্ঘ পথচলার পর এবার আরও বড় পরিসরে ফিরছে আয়োজনটি।

আগামী ২৭ নভেম্বর, শুক্রবার, সকাল ০৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন। অনুষ্ঠানটির টাইটেল স্পনসর মাস্টারকার্ড এবং পাওয়ার্ড বাই স্পনসর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। বরাবরের মতো এবারও আয়োজন করছে ডন সামদানী ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সি। ইন অ্যাসোসিয়েশন উইথ ফিট এলিগেন্স, এ ছাড়া এনার্জি পার্টনার হিসেবে ইউনাইটেড আইগ্যাস, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে স্বপ্ন এবং মিউজিক্যাল পার্টনার হিসেবে রয়েছে বাটা।

দিনজুড়ে মঞ্চে নিজেদের অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরবেন দেশের বিভিন্ন খাতের পরিচিত করপোরেট ব্যক্তিত্ব ও নেতৃত্বস্থানীয়রা। তাঁদের মধ্যে রয়েছেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, বাটা বাংলাদেশের এমডি ফারিয়া ইয়াসমিন, বিএসআরএম গ্রুপের এমডি আমের আলী হোসাইন, ওয়ান ব্যাংকের সিইও মুহিত রহমান, একমি ল্যাবরেটরিজের এমডি তাসনিম সিনহা, লংকাবাংলা ফাইন্যান্সের এমডি হুমায়রা আজম, এসএমসি এন্টারপ্রাইজের এমডি সায়েফ নাসির এবং ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা।

এবারের আয়োজনে থাকছে কয়েকটি বিশেষ আকর্ষণও। রাইজ অ্যাবাভ অল–এর মঞ্চে প্রথমবারের মতো বক্তব্য দেবেন বাংলাদেশে নিযুক্ত তুর্কি বংশোদ্ভূত ইউনাইটেড আইগ্যাস এলপিজির প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন ওর্তাচ। এ ছাড়া অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী সাবিলা নূর থাকবেন এবারের আয়োজনে। দিনব্যাপী আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় শেষে মঞ্চে উঠবে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ।

রাইজ অ্যাবাভ অল–এর বিশেষত্ব হলো, এখানে বক্তারা শুধু নিজেদের অর্জনের গল্প শোনান না। বরং জীবনের কঠিন সময়, ভুল সিদ্ধান্ত, ব্যর্থতা এবং সেখান থেকে ফিরে আসার অভিজ্ঞতাও ভাগ করে নেন। যে মানুষগুলোকে এতদিন সংবাদপত্র বা পর্দায় দেখেছেন, তাঁদের সরাসরি কথা শোনা, প্রশ্ন করার সুযোগ পাওয়া—তরুণদের কাছে এই অভিজ্ঞতাই আয়োজনটিকে আলাদা করে তোলে।

বিশেষ করে ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে ভাবছেন এমন শিক্ষার্থী, নতুন কিছু শুরু করতে চান এমন তরুণ কিংবা পেশাগত জীবনের কোনো পর্যায়ে নতুন দিশা খুঁজছেন—এমন সবার জন্যই দিনটি হতে পারে অভিজ্ঞতা ও অনুপ্রেরণা অর্জনের সুযোগ। মূল মঞ্চের পাশাপাশি দিনজুড়ে বিভিন্ন ব্র্যান্ডের স্টলও থাকবে। সেখানে দর্শনার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি সরাসরি কথা বলার সুযোগ পাবেন।

এবারের আয়োজনের কো–স্পনসর হিসেবে রয়েছে ইউনাইটেড হেলথকেয়ার, পোলার আইসক্রিম, কুল, এ্যাকোয়া পেইন্টস, এসএমসি প্লাস, অপো ও শেলটেক। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে টার্কিশ এয়ারলাইনস, এলিট স্টিল, কোকা–কোলা, কেএফসি, ফুডি, চেরি, প্রথম আলো, দ্য ডেইলি স্টার, চ্যানেল আই, ড্যান কেক, ফ্রেশ, বোম্বে সুইটস, আমা কফি, সেনোরা, ডেটল, ব্লুচিজ, তাবাক কফি, ইশো, টিকিফাই, আইস টুডে, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, শাটার লেন্স, এলিট ফোর্স ও লিংক থ্রি।

দশ বছরের এই যাত্রায় দর্শক, বক্তা, পৃষ্ঠপোষক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন আয়োজকেরা। তাঁদের প্রত্যাশা, এবারের আয়োজনও তরুণদের নতুনভাবে ভাবতে, শিখতে এবং নিজেদের সম্ভাবনাকে আরও বড় করে দেখতে উৎসাহিত করবে।

রাইজ অ্যাবাভ অল ১০এক্স–এর টিকিট পাওয়া যাচ্ছে টিকিফাই প্ল্যাটফর্মে।