
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

নোয়াখালী জেলার স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে স্বর্ণদ্বীপ যাবেন। সেখানে তিনি সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ–১ ২০২৬’–এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি–১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী এবং অনুশীলনস্থল ঘুরে দেখার পাশাপাশি সেখানে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।
বিশেষ এ মহড়ায় অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনীর ‘প্যারা কমান্ডো ব্রিগেড’, বাংলাদেশ নৌবাহিনীর ‘সোয়াডস‘ এবং বাংলাদেশ বিমান বাহিনীর ‘৫০১ এয়ার রেজিমেন্ট‘।
উপ–প্রেস সচিব জানান, মহড়া পরিদর্শন শেষে বিকালে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী ঢাকা ফিরবেন ।
উল্লেখ্য, দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ড ‘স্বর্ণদ্বীপ’–এ এই প্রথমবার পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত।








